
রাজহাঁস
পৃথিবীর শীতাঞ্চল থেকে উষ্ণাঞ্চলে ঝাঁক বেঁধে উড়ে চলেছে রাজহাঁস। উড়ছে সমুদ্রের ওপর দিয়ে। দিন রাত উড়ে চলল তারা, পরের দিন পরের রাতও না থেমে উড়ে চলল জলের ওপর দিয়ে। আকাশে পূর্ণিমার চাঁদ, আর অনেক নিচে দেখা যাচ্ছে নীল জল। রাজহাঁসেরা সবাই একেবারে অবসন্ন, তবু না থেমে উড়ে চলল তারা। সামনে উড়ছে বয়স্ক, শক্তসমর্থ হাঁসেরা, যাদের বয়স কম, দুর্বল, তারা উড়ছে পেছনে।
অল্পবয়সী একটি হাঁস উড়ছিল সবার পেছনে। শক্তি ওর কমে এসেছিল। ডানা নাড়ে, কিন্তু উড়তে আর পাঁরে না। তখন সে ডানা মেলে নামতে লাগল নিচে। ক্রমাগত কাছিয়ে আসছে জল আর সঙ্গীরা তার ক্রমেই এগিয়ে যাচ্ছে ধুধু জ্যোৎস্নায়।
জলে পড়ল হাঁস, ডানা গুটিয়ে নিলে। সমুদ্র ফাসে উঠে দোলাতে লাগল তাকে। জ্বলজ্বলে আকাশে একটা সাদা রেখার মতো আবছা দেখা যায় হাঁসের ঝাঁকটাকে। গভীর নীরবতায় আবছা একটু শোনা যায় তাদের ডানার শব্দ। একেবারেই যখন চোখের আড়াল হল, তখন রাজহাঁসটি তার গ্রীবা পেছনে বাঁকিয়ে চোখ বুজল।
একটুও নড়ল না সে, শুধু একটা প্রশস্ত জলতল দুলিয়ে দুলিয়ে সমুদ্র তাকে ওঠালে নামালে। সূর্য ওঠার আগে হালকা হাওয়ায় দুলতে লাগল সাগর। হাঁসের সাদা বুকে ছলকে লাগে জল। চোখ মেলল হাঁস। পুবের আকাশ লাল হয়ে উঠেছে ঊষায়, চাঁদ তারা ফ্যাকাশে হয়ে গেছে। নিঃশ্বাস ফেললে হাঁস, গলা টান করে জলে পাখার ঝাপট মেরে উড়ে গেল। উচুতে আরো উচুতে উঠতে লাগল সে, তারপর জল যখন একেবারে নিচে, তখন উড়তে লাগল সামনের দিকে, সেই দিকে যেখানে গরম দেশ। রহস্যঘন জলের ওপর একা একা সে উড়ে চলল সেই দিকে যেদিকে গেছে তার সঙ্গীরা।
**********
সে অনেককাল আগের কথা। আমরা, মানে এখনকার প্রায় বুড়ো, আধবুড়োরা, যারা এখন মা-বাবা-মামা-মাসি-কাকু-পিসি — আমরা যখন ছোট্টো ছোট্টো খোকাখুকু ছিলাম, সেই সময়ে তৎকালীন রুশ দেশ থেকে দারুণ সুন্দর সব রঙিন গল্পের বই আসত। এ কিন্তু এখনকার রাশিয়া নয়, তখন সেই দেশ সোভিয়েত ইউনিয়ন' বা 'সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সংঘ' (USSR)নামে পরিচিত ছিল। সেইসব বইয়ের যেমন ছিল কাগজের মান আর বাঁধাই, তেমন ছিল পাতায় পাতায় দুর্দান্ত সব রঙিন বা সাদা-কালো ছবি। রুশ ভাষা থেকে মিষ্টিমধ্যর বাংলা ভাষায় অনুবাদ করতেন ---উঁহু, কোন যন্ত্র কিংবা অন্য ভাষার মানুষেরা না। খোদ বাঙালি অনুবাদকেরা। এমন সমস্ত অনুবাদকদের নিয়ে গল্প করব অন্য কোনো দিন।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, সেই বইগুলিও ধীরে ধীরে হারিয়ে গেল। কিন্তু সত্যিই কি হারিয়ে গেল? না। সব হারায় নি। কারণ ততদিনে ডিজিটাল প্রযুক্তি এসে গেছে। তাই ছোটোদের ( এবং বড়োদের) নানা পছন্দের বই ডিজিটাইজ করে রাখা হতে থাকল। ইন্টারনেট আর্কাইভে এমন অনেক বই রাখা আছে, যা বিনামূল্যে ডাউনলোড করে পড়া যায়।
ওপরের গল্পটি আমাদের আজকের 'পড়ে পাওয়া' তেমনই এক বই লেভ তলস্তয়ের 'শিশু কাহিনী' থেকে নেওয়া। লেভ তলস্তয় (১৮২৮-১৯১০) ছোটোদের জন্য কতগুলি খুব ভালো গল্প লিখেছিলেন। সেই গল্পগুলিকে বাংলা অনুবাদ করেছিলেন ননী ভৌমিক। বইটিতে রয়েছে তেরোটি ছোটো ছোটো গল্প। সঙ্গে পাতায় পাতায় রয়েছে আ. পাখোমভের আঁকা অপূর্ব সব সাদাকালো ছবি। বইটি প্রকাশ করেছিল প্রগতি প্রকাশন,যারা একইসঙ্গে পরিচিত ছিল Progess Publishers নামে।
বইটির ডিজিটাল কপি পড়া যাবে বা ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://archive.org/details/stories-for-children-shishukahini-leo-tolstoy

