
কল্পনা করো তো, তুমি তোমার বন্ধুদের একটা মেসেজ পাঠালে, আর সেই মেসেজটা বন্ধুর ফোনে পৌঁছাতেই সময় লাগল পুরো ২৪ ঘণ্টা! আবার বন্ধুর উত্তরটা তোমার কাছে ফিরে আসতে লাগল আরও ২৪ ঘণ্টা!
অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু পৃথিবী থেকে বহু দূরে, মহাশূন্যের অতল অন্ধকারে ঠিক এমনই এক অসাধ্য সাধন করতে চলেছে মানুষের তৈরি এক মহাকাশযান—ভয়েজার-১ (Voyager 1) । নাসার (NASA) হিসাব অনুযায়ী, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে এটি পৃথিবী থেকে আনুষ্ঠানিকভাবে এক আলোক-দিবস (1 Light-Day) দূরত্ব স্পর্শ করে ইতিহাসের পাতায় নাম লেখাবে।
এই ‘আলোক-দিবস’ ব্যাপারটা কী?
আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেয়। এই অবিশ্বাস্য গতিতে ছুটেও আলো পুরো ২৪ ঘণ্টা বা একদিনে যতটা পথ অতিক্রম করে, তাকেই বলে এক আলোক-দিবস (প্রায় ২,৫৯০ কোটি কিলোমিটার)!
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর নাসা এটি মহাকাশে পাঠায়। তখন এর কাজ ছিল বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা। কিন্তু কাজ শেষেও এটি থামেনি। ঘণ্টায় প্রায় ৬০ হাজার কিলোমিটার বেগে ছুটতে ছুটতে ২০১২ সালে এটি সৌরজগতের সীমানা পেরিয়ে অজানা মহাশূন্যে ঢুকে পড়ে।
ভয়েজার এখন এই মাইলফলকের একদম দোরগোড়ায়। ১৮ নভেম্বরের পর থেকে পৃথিবী থেকে কোনো সংকেত পাঠাতে ও তার উত্তর পেতে পুরো দুই দিন বা ৪৮ ঘণ্টা সময় লাগবে!
ভয়েজার সম্পর্কে আরও কিছু মজার কথা:

ভয়েজারের ভেতরে থাকা গোল্ডেন ডিস্ক
বাংলা ভাষায় বার্তা:এর সাথে থাকা 'গোল্ডেন রেকর্ড' নামের সোনার ডিস্কে পৃথিবীর নানা ছবি, বিভিন্ন শব্দ সহ মোট ৫৫টি ভাষায় মানুষের শুভেচ্ছা ও সম্ভাষণ রেকর্ড করা আছে। ভারতের বেশ কয়েকটি ভাষার সঙ্গে, আমাদের বাংলাতেও শুভেচ্ছা রেকর্ড করা আছে— "নমস্কার, বিশ্বের শান্তি হোক। ১৯৭৭ সালে যখন নাসা এই মহাকাশযানগুলো মহাশূন্যে পাঠায়, তখন পৃথিবীর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার জন্য এই অডিও বার্তাগুলো যুক্ত করা হয়েছিল। বিভিন্ন ভাষার শুভেচ্ছা বার্তাগুলি শুনতে পাওয়া যাবে এই লিংকে: https://science.nasa.gov/mission/voyager/golden-record-contents/greetings/
মহাশূন্য থেকে পৃথিবীর ছবি: ১৯৯০ সালে ভয়েজার মহাশূন্য থেকে আমাদের পৃথিবীকে একটা ছোট্ট ফ্যাকাশে আলোর বিন্দুর (Pale Blue Dot) মতো ছবি তুলেছিল।
প্লুটোনিয়ামের ব্যাটারি:সূর্যের আলো না থাকায় এতে প্লুটোনিয়াম দিয়ে তৈরি বিশেষ নিউক্লিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সবচেয়ে দ্রুতগামী : এটি মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান।
যমজ ভাই ভয়েজার-২:এর আরেকটা যমজ ভাই আছে (ভয়েজার-২), যে একাই ইউরেনাস ও নেপচুন গ্রহের পাশ দিয়ে ঘুরে ছবি পাঠিয়েছে।
ব্যাটারির শক্তি কমতে থাকলেও ভয়েজার-১ এখনো মহাশূন্যের বুক চিরে আমাদের নতুন তথ্য পাঠিয়ে চলেছে!
ভয়েজার-১ এর এই সাফল্য নিয়ে চলতে থাকা নানারকমের হইহুল্লোড়ের খোঁজ রয়েছে এই লিংকে: https://science.nasa.gov/mission/voyager/voyager-1/shine-bright-for-voyagers-light-day/

