সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

বহুজন বিদিত এবং আলোচিত নোবেল সম্মানের কথা তোমরা জানো তো? আলফ্রেড নোবেল নামে এক প্রবল সফল বহুমুখী প্রতিভার নামে যেই পুরস্কারটি সুইডেন থেকে প্রতি বছর বিভিন্ন বিভাগে গুণী এবং পণ্ডিৎ ব্যক্তিকে তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়? সেখানে অন্য সব বিভাগের সঙ্গে পদার্থ বিজ্ঞানের (ফিজিক্স) জন্যেও একটি বিভাগ আছে।

এই বছর পদার্থ বিজ্ঞানের জন্য কারা নোবেল সম্মান পেলেন, কেন পেলেন? জানো? অন্য বিভাগগুলিতে? জানলেই যে সব সময়ে সব কিছু পড়ে মনে পড়বে / মনে থাকবে... এমন না। আমারও থাকে না! অথচ এর একটা মজা আছে... কোনো বছরে কেন যে কেউ সম্মানিত হন — সে সব থেকেও কিছু জানা যায়, ভাবার থাকে। এমন কি 'শান্তি'-র জন্য সম্মানিত করার বিভাগেও। আর একটু বড়ো হলে বুঝবে।

তবে অভ্যেসটা রেখো। খবরের কাগজে খুঁজে দেখো। বড়োদের জিজ্ঞেস করো। সারা পৃথিবী জুড়ে কত মানুষ কত কিছু নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ হয়ত সম্মানের জন্য বিবেচিত হন। তারপর আমরা তাঁদের কথা জানতে পারি। অবশ্য, যাঁর কাজ নোবেল সম্মান পেল, তাঁর কাজটাই কাজ, এমন ভেবে বসো না। এমন অনেক বৈজ্ঞানিক, সাহিত্যিক অর্থনীতিবিদ আছেন... যাঁরা নোবেল বা তার সমতুল্য সম্মান না পেলেও নোবেল লরিয়েটদের কাছেও অত্যন্ত সম্মানের। আমাদের দেশেরই কত পণ্ডিত ব্যক্তি আছেন, গবেষক আছেন, সাহিত্যিক আছেন, যাঁদের নোবেল সম্মান প্রাপ্য ছিল — এমন মনে করেন অনেকেই। কিন্তু তা আর হয়ে ওঠেনি। পেলে হয়ত আমাদের গৌরব বাড়ত, কিন্তু অপ্রাপ্তিতে তাঁদের জীবনের শ্রম, অবদান, অধ্যাবসায়, কীর্তি... কিছুই খর্ব হয়ে যায় না।

বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, আচার্য জগদীশচন্দ্র বসু, ডঃ মেঘনাদ সাহা, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধায়, মাণিক বন্দ্যোপাধ্যায়, মোহনদাস করমচাঁদ গান্ধী (আমাদের মহাত্মা)... এমন কত নাম...

ওসব আফসোস করে আর কী হবে!

বরং আজ একটা অন্য মানুষের কথা বলব... একজন বিশেষ মানুষের কথা। আমাদের দেশের গৌরব। বাঙালির গৌরব।

কিন্তু তাঁর প্রসঙ্গে বলার আগে জানিয়ে রাখি—এই যে নোবেল সম্মানের ব্যাপারে কিছু কথা হল, তার আসলে উদ্দেশ্য এটা জানানো—নোবেল ছাড়াও বহু আন্তর্জাতিক সম্মান আছে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে, বিভিন্ন দেশে। যেমন ধরো আন্তর্জাতিকদের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড, বোলজম্যান মেডাল, ব্রেকথ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স, ডিরাক মেডাল, নিলস বোর মেডাল (ইউনেসকো), অস্কার ক্লাইন মেডাল (সুইডেন)... এমন আরো অনেক! আমাদের দেশেও সম্মানিত করা হয় -- আর্যভট্ট সম্মান, শান্তিস্বরূপ ভাটনাগর সম্মান, ওম প্রকাশ ভাসিন সম্মান... এগুলি তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ।

এই যেমন, এ বছর কারা নোবেল সম্মান পেলেন... এটা খুঁজে দেখতে বললাম।  তেমনই, এই যে সম্মানগুলো যাঁদের নামে... তাঁদের জীবন এবং কর্মকাণ্ড নিয়েও খুঁজে দেখো। কেউ কেমন কীর্তি রেখে গেলে অন্য কৃতী ব্যক্তিদের তাঁদের নামে সম্মান দেওয়া হয়, সেও এক ব্যাপার!

আজ যে বৈজ্ঞানিক, পদার্থবিজ্ঞানের এক উজ্জ্বল ব্যক্তিত্বের কথা বলব, তিনি বিগত চার দশকের বেশি সময় ধরে পদার্থবিজ্ঞানের গবেষণার প্রতি নিবেদিতপ্রাণ, একের পর এক বিষয়ে গবেষণামূলক কাজের মাধ্যমে নিজের অবদান রেখে চলেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান জগতে আজ বিশেষভাবে ভারতের গৌরব, বাংলার উজ্জ্বল জ্যোতিষ্ক ডঃ অশোক সেন। কিছুদিন আগেই উনি আবারও একবার সংবাদের শিরোনামে এসেছেন, কারণ— ২০২৬ সালে প্রথম ভারতীয় হিসেবে উনি অর্জন করলেন অস্কার ক্লাইন মেডেল সম্মান! প্রায় তিন দশক আগে (১৯৯৪) শান্তিস্বরূপ ভাটনাগর সম্মান, ২০০১ এ পদ্মশ্রী এবং ২০১৩ পদ্মভূষণ সম্মান লাভ করা একজন বিজ্ঞানীর নাম-পরিচয়-কীর্তি ভারতীয় হিসেবে অনেকেই কয়েক দশক আগে থেকে (বা কয়েক দশক ধরেই) জানেন। কাজ সবিস্তারে সবার সব সময়ে স্মরণে না থাকলেও, ডঃ অশোক সেন ইতিমধ্যেই অ্যাকাডেমিক এবং সাধারণ জনমানসের শ্রদ্ধার সঙ্গে বিরাজ করা একটি নাম। কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ এবং ডিরাক মেডালের মতো আন্তর্জাতিক সম্মান অর্জনের পর এই প্রথম ভারতীয় হিসেবে এ বছর অস্কার ক্লাইন মেডাল অর্জন আরো একটি উজ্জ্বল রত্ন হয়ে থাকলে ওঁর মুকুটে।

অথচ এই মানুষটি সব থেকে বেশি শ্রদ্ধেয় এবং আলোচিত ওঁর কোন গুণটির জন্য জানো? — ওঁর অহমিকামুক্ত আচরণ, দৃঢ় এবং ঋজু ব্যক্তিত্ব এবং সহজ-সরল জীবন যাপনের জন্য।

আজ বলে না, প্রায় পনেরো বছর আগে যখন 'ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ'-এ বিপুল অর্থের সম্মান (তিন মিলিয়ন ডলার!) লাভ করেছিলেন, তার বেশিরভাগটাই ছাত্র এবং শিক্ষার কল্যাণে দান করে দিয়ে সাইকেল করে নিজের কর্মক্ষেত্রে যাওয়ার জীবনে ফিরে গেলেন — তা আক্ষরিক অর্থেই এই সময়ে এসে এক মুগ্ধ বিস্ময়কর খবর হয়েছিল। খ্রীষ্টপূর্ব সময় থেকেই এমন অনেক ঘটনার নিদর্শন আছে, দার্শনিক, শিল্পী, গবেষকদের নিয়ে... তাঁরা পার্থিবজীবন, অর্থ-সম্পদ নিয়ে খুব একটা ভাবেন না। উদাসীন থাকেন। আচার্য প্রফুল্লচন্দ্র সেন অথবা ডঃ এপিজে আব্দুল কালামের বিষয়েও এমন কথা জানা যায়। বিজ্ঞানী  ডঃ অশোক সেনও সেই ধারারই একজন মানুষ। ওঁর সঙ্গে কথোপকথন অথবা সাক্ষাৎকারে, লেকচারের সময়ে ওঁর বাচনভঙ্গী, শরীরীভাষায় বিনয় এবং মডেস্টি দেখে তার আভাস পাওয়া যায়।

হয়ত প্রকৃত পণ্ডিৎ ব্যক্তির এমন নিরহংকার উদাসীন যাপন স্বভাবোচিত। কিন্তু আজকাল তো ঠিক আদর্শ হিসেবে তাকিয়ে দেখার মতো মানুষই দেখা যায় না চারপাশে, চিত্রতারকা আর ক্রিকেট খেলোয়াড়রা যুবসমাজের 'আইডল'। সাফল্যের ঔজ্জ্বল্য আর আর্থিক বিলাসিতার জীবনে আলাদাই চাকচিক্য। তাই এমন চারিত্রিক ইতিবাচকতাও মনে হয় ছোটোদের মাঝে, যুব সমাজের মাসে বেশি করে তুলে ধরা উচিৎ। আমরা ছোটোবেলা দেখেছি/শুনেছি কার্ল সেগান কী করে কথা বলতেন, ডঃ অমলেন্দু মুখোপাধ্যায় কীভাবে কথা বলতেন। এখনো চোখ বন্ধ করলে কানে ভাসে তাঁদের কণ্ঠস্বর। চোখ বন্ধ করে দেখতে পাই তাঁদের বাচনভঙ্গী। নৈতিক এবং অবস্থানগত দৃঢ়তা।    

যাই হোক, ডঃ সেনের প্রসঙ্গে ফিরে আসি।

ডঃ সেনের বাবা শ্রদ্ধেয় অনিল কুমার সেন ছিলেন স্কটিশ চার্চ কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। মা গৌরী সেন, ছিলেন গৃহবধূ।

১৯৫৬ সালের ১৫ জুলাই, অনিল সেন এবং গৌরী সেনের পুত্র অশোক, এক অন্যরকম কলকাতা, অন্যরকম ভারতবর্ষে জন্মেছিলেন। ষাটের দশক এবং সত্তরের দশকের মধ্যে দিয়ে বড়ো হয়ে ওঠা। দেশ যখন জরুরি অবস্থা, রাজ্য যখন রাজনৈতিক পালাবদলের বাঁকে... তখন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হচ্ছেন উজ্জ্বল ছাত্র অশোক সেন। পিতা পদার্থবিজ্ঞানের অধ্যাপক বলেই হয়ত, ছোটোবেলা থেকেই পদার্থবিজ্ঞানের প্রতি অথবা সার্বিকভাবে বিজ্ঞান ও গণিত বিষয়ে আগ্রহ থেকেছে, উৎসাহ পেয়েছেন। উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে প্রেসিডেন্সি কলেজ, এবং তারপর সোজা আইআইটি কানপুর থেকে স্নাতকোত্তর (মাস্টার্স)। এই আইআইটি কানপুরে থাকাকালীনই ওঁর বৈজ্ঞানিক চেতনা এবং একটি বিশেষ গবেষণার পরিবেশে নিজেকে এক ধাপ থেকে অন্য ধাপে উত্তীর্ণ করার প্রক্রিয়াটি শুরু হয়। মেধাবী ছাত্র উনি ছিলেনই, সেই সঙ্গে নিজের যোগ্যতা এবং ক্ষমতা সম্পর্কেও ক্রমে সচেতন হতে থাকেন। শোনা যায়, ওঁকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত  করেছিল পদার্থবিজ্ঞানী অমল কুমার রায়চৌধুরীর গবেষণা এবং কাজ। অবিভক্ত ভারতবর্ষের বরিশালে জন্ম বিজ্ঞানী অমল কুমার রায়চৌধুরীর। ওঁর নামের সঙ্গে জড়িত রায়চৌধুরী ইকোয়েশনের উল্লেখ স্টিফেন হকিন্স, রজার পেনরোজের মতো বিজ্ঞানীদের কাজেও পাওয়া যায়। ক্রমে ওঁর গবেষণার বিষয় অশোক সেনের বৈজ্ঞানিক অন্বেষণকেও প্রভাবিত করে, সেই সব বিষয় নিয়ে ভাবতে আগ্রহী করে... যা মহাকাশ বিজ্ঞানের সঙ্গে জড়িত, স্পেস-টাইমের জটিল তত্ত্ব এবং তথ্যকে নতুন করে চিনতে এবং সেই নিয়ে বিস্তারিত কাজ করতে উদ্বুদ্ধ করে, সম্ভাবনা জাগায়।

আইআইটি-র অধ্যায় মিটিয়ে অশোক সেন পারি দিলেন বিদেশে, জীবনের নতুন অধ্যায় ডক্টরেটের অধ্যয়ন। নতুন ঠিকানা... স্টোনি ব্রুক্স ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। রোনাল্ড রেগানের আমেরিকা।

ডঃ অশোক সেনের কর্মজীবনের সূচনা মোটামুটি এই সময় থেকেই, কারণ এই ডক্টরেটের থিসিস এবং পেপারের যা বিষয়, সেই বিষয়ই ক্রমে ওঁর প্রথম বলিষ্ট পদক্ষেপ ছিল একের পর এক পরবর্তী কাজের দিকে এগিয়ে যাওয়ার। ১৯৮২তে সম্পূর্ণ হল ওঁর ডক্টরেট অর্জনের মাইলফলক। উনি হলে ডঃ অশোক সেন।

Fermilab (ফার্মিল্যাব) থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপের জন্য ছিলেন ১৯৮৫ অবধি, এবং তারপর ১৯৮৮ অবধি ছিলেন ক্যালিফোর্নিয়ার Stanford Linear Accelerator Center-এ, যাকে সংক্ষেপে বলা হয় SLAC অথবা  National Accelerator Laboratory।

প্রায় এক দশক আমেরিকাতে নিজের উচ্চশিক্ষা এবং গবেষণা জীবনের এক অধ্যায় কাটানোর অবশেষে উনি ভারতে ফিরে এলেন ১৯৮৮-র বসন্তে। যোগ দিলে Tata Institute of Fundamental Research-এ (TIFR) পদার্থ বিজ্ঞানের একজন দক্ষ গবেষক হিসেবে। এই TIFR-এ গবেষণারতথাকাকালীনই ওঁর কাজ দেশের অ্যাকাডেমিক বৃত্তে গুণীজনদের মাঝে বিশেষভাবে পরিচিত হতে থাকে, দৃষ্টি আকর্ষণ করে এবং সম্মান অর্জন করে। ১৯৯৪ সালে  ওঁর পদার্থ বিজ্ঞানের গবেষণায় বিশেষ অবদানের জন্য উনি ভাটনাগর পুরস্কারে সম্মানিত হলেন।

১৯৯৭ এ চলে এলে তৎকালীন এলাহাবাদ (এখন যাকে প্রয়াগরাজ বলে), যোগ দিলেন Harish-Chandra Research Institute-এ। পরবর্তী সকল গবেষণা, বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ, বিজ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক বিজ্ঞানচর্চার জগতে আরও উজ্জ্বল এক জ্যোতিষ্ক হিসেবে ওঁর অবস্থান... এইখানে কাজ করতে করতেই।

এখানে জানিয়ে রাখি, ১৯৯৮ সালে উনি লন্ডনের রয়াল সোসাইটিতে ফেলোশিপ অর্জন করেন, বিজ্ঞানী স্টিফেন হকিং-এর উদ্যোগে। তাহলে বুঝতেই পারত, সেই সময় থেকেই ওঁর কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে কত গুণীজনের দৃষ্টি আকর্ষণ করেছিল, কত প্রশংসা লাভ করেছিল!

ডঃ সেনকে নিয়ে এখন আসা বিভিন্নরকম খবরে অথবা ভিডিওর ট্যাগলাইনে দেখবে কিছু শব্দের খুব ব্যবহার হচ্ছে -- 'স্ট্রিং থিওরি', সুপারস্ট্রিং, এম থিওরি বা ম্যাট্রিক্স থিওরি, এস-ম্যাট্রিক্স, এফ থিওরি, ব্ল্যাকহোল, সুপার গ্র্যাভিটি, কোয়ান্টাম কারেকশন, এস-ডুয়ালিটি... এইরকম আরো কিছু, যা সত্যি বলতে একটা স্তরের খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন বৈজ্ঞানিক তত্ত্ব যা অনেকটাই সহজ করে সরলভাবে বুঝিয়ে না দিলে, সাধারণ মানুষের খুব অস্বস্তি হবে। কেউ 'বুঝছে না' মেনে নিতে কষ্ট পায়, স্বীকার করতে আরো কষ্ট পায়। কিন্তু কিছু করার নেই, সব বিষয়েরই একটা স্তর থাকে, যেখানে সেই নিয়ে আরো অনেক কিছু জানলে, শিখলে, চর্চা করলে... তবে সেই স্তরের কিছু ব্যাপার বুঝতে সুবিধে হয়।  যেমন ধরো, তোমার এক বন্ধু ভালো গান করে। সে সত্যিই ভালো গান করে, কিন্তু গান শেখেনি। আবার আর এক বন্ধু, কণ্ঠস্বর হয়ত সেই বন্ধুর মতো শুনতে লাগে না, কিন্তু সে ছোটোবেলা থেকে গান শিখেছে, হারমোনিয়াম এবং তানপুরা বাজাতে পারে... স্বরলিপি বুঝতে পারে। সেই ভালো কন্ঠস্বর বন্ধুটি তা পারে না। তাকে কষ্ট করে বুঝতে হয়, বুঝতে গেলে আগে এসব শিখতে হবে। আবার অন্য আর এক বড়ো দিদি আছে তোমাদের পাড়ায়, যে শাস্ত্রীয় সংগীত শিখেছে এবং অনুষ্ঠানেও গায়, কোনো গুরুজী বা উস্তাদজীর কাছে তালিম নিয়েছে। সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের রাগ-রাগিনীর অনেক কিছুই জানে, যা তোমার গানে শেখা বন্ধুটির নাগালের বাইরে। এতে নিজেকে ছোটো ভাবতে নেই, আবার অন্যের জ্ঞান সম্পর্কে অকারণ ইর্ষাও করতে নেই। সব শেখারই একটা স্তর আছে, পথ আছে, পদ্ধতি আছে, ধাপে ধাপে এগোতে হয়। আর সবার ওপরে হল ভালো লাগা আর উৎসাহ, যা ভেতর থেকে না এলে কিছুই কিছু না। অপরকে দেখাতে নিজেকে ব্যস্ত করে সব খেতে গিয়ে শরীর খারাপ করে লাভ নেই। ঠিক তেমনই কিছু জটিল জিনিস কিছুটা সরল বা সহজবোধ্য করে সকলের কাছে তুলে ধরারও একটা কৃতিত্ব আছে। সবাই সেই নিয়ে শিখবে বা কাজ করবে এমন না, কিন্তু একটা ধারণা তো থাকবে! বিজ্ঞানের ক্ষেত্রেও এই 'পপুলার সায়েন্স'-এর কাজ, বা বিজ্ঞানের বিষয়গুলিকে সাধারণ মানুষের মাঝে কোনো না কোনোভাবে সহজ-সরল চর্চায় রাখা কাজটিও করে চলেছেন অনেকে। না হলে সকলের আগ্রহই বা হবে কী করে? আর তোমাদের আমরা জানাবই বা কী করে?

তোমরা যারা বড়ো হয়ে বিজ্ঞান নিয়ে পড়বে, বিজ্ঞানের এই দিকগুলো নিয়ে আগ্রহী হবে... দেখবে এমনই অনেক শব্দ, তথ্য, এগুলো তোমাদের বইয়ের পাতায় আর সিলেবাসে উঠে আসছে। যেমন ডঃ সেনই একটি সাক্ষাৎকারে বলেছিলেন,  'আমার অঙ্ক করতে ভালো লাগত, ভালো রেজাল্ট করেছিলাম, আর আমাদের সময়ে নিয়ম ছিল কেউ খুব ভালো রেজাল্ট করলে চেষ্টা করে ভালো কলেজে ফিজিক্স নিয়ে পড়তে। ফিজিক্স পড়ার সুযোগ পেলে আগে সেটা নেয়।'

তবে, ওঁর কাজ সম্পর্কে বলতে গেলে একটু অন্যভাবে বলা যায়—

এই যে আমাদের পৃথিবী, এ তো একটা সৌরমণ্ডলের অংশ, এবং এই সৌরমণ্ডল এক গ্যালাক্সির কোনো এক কোণে সামান্য একটা কিছু... এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি ছড়িয়ে আছে নিজেদের কোটি কোটি সৌরমণ্ডল নিয়ে। আমরা অনেক উন্নতমানের প্রযুক্তির সাহায্যে এখন অনেক দূর অবধি দেখতে পাই, বাকিটা অঙ্ক করে, গবেষণা করে  অন্যরকম ইমেজ সৃষ্টি করে ধারণা করা। এই যে একটা তারা ঝুপ করে নিভে গিয়ে সব কিছু নিজের দিকে টেনে নেওয়া একটা দানব — ব্ল্যাকহোল/কৃষ্ণগহ্বর — হয়ে ওঠে। তারও ছবি বা ভিডিও নেওয়ার চেষ্টা করছেন বৈজ্ঞানিকরা। এই যে মহাবিশ্বে এত কিছু ব্যাপার, এত কিছু ক্রমাগত ঘটে চলেছে, আমাদের গ্যালাক্সিই নাকি প্রজাপতির মতো ডানা মেলে ওড়ে। কেউ কোথাও স্থির না। আমাদের হৃৎপিণ্ডের মতোই এক একটি  মহাজাগতিক অস্তিত্বের নিজস্ব স্পন্দন আছে... এসব এক আলাদাই জাদুবাস্তবের জগত। এবং এই সব কিছু নিয়ে গবেষণা করতে গেলে বৈজ্ঞানিকদের অনেকরকম মালমশলা কলকব্জার প্রয়োজন হয়। সেই কত শতাব্দী আগে স্যার আইজ্যাক নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি এবং নিউটোনিয়ান ফিজিক্সের এক লেগাসি সভ্যতার জন্য রেখে দিয়ে গেছেন, সেই থেকে বিস্তার এবং বিবর্তন হতে হতে ক্লাসিকাল মেকানিক্স, আইনস্টাইনের রিলেটিভিটি, কোয়ান্টাম ফিজিক্স, আইজেনবার্গ আর নিলস বোরের মতো বিজ্ঞানীদের তত্ত্ব, স্ট্রিং থিওরি... কত প্রিন্সিপাল, ল, থিওরি আর ইকোয়েশনের ব্যাপার। এই যে এক বিশাল মহাবিশ্বের কথা বলছি, ব্রহ্মাণ্ড... রবি ঠাকুরের গানেও যাকে নিয়ে বিস্ময় জাগার কথা আছে, ঋগ্বেদেও আছে সেই 'সৃষ্টির আগে যখন কিছুই ছিল না' নিয়ে কৌতূহল... সেই বিশালকে চেনার প্রক্রিয়া নিয়ে পড়তে গিয়েও দেখবে--

বিজ্ঞানীদের ভাবতে হচ্ছে, অস্তিত্বের সব থেক ক্ষুদ্র প্রকাশ কী? শক্তির সব থেকে ক্ষুদ্র প্রকাশ কী?

অণু > পরমাণু > ফার্মিয়ন > কোয়ার্ক > লেপটন > হেড্রন > মেসন...  এইসব হল একদিক দিয়ে তাদের চেনার পথ, যেখানে পার্টিকলকে আমরা বস্তু বা ম্যাটার হিসেবে চিনছি।

আবার, আলোকে যেমন কখনও বস্তু আবার কখন তরঙ্গ হিসেবে ব্যাখ্যা করা হয়...  তেমন এই ক্ষেত্রেও, পার্টিকল বা বস্তুকণিকাকে একদিকে বস্তু আবার একদিকে বল হিসেবে চেনা হচ্ছে।

বলের দিক থেকে ভাঙতে শুরু করলে আসে চারটি প্রকারের বলের কথা— গ্র্যাভিটেশনাল, ইলেক্ট্রো-ম্যাগেন্টিক, স্ট্রং ইন্ট্যারাকশন, উইক ইন্ট্যারাকশন।

আর ভাঙতে শুরু করলে—বোসন (সত্যেন্দ্রনাথ বসুর নাম জড়িয়ে যে অস্তিত্বের সঙ্গে) > ফোটন (আলোক কণিকা) >  W/Z বোসন > গ্লুওন।


খুব সরলভাবে স্ট্রিং থিওরি বোঝার চেষ্টা

এবারে, স্ট্রিং থিওরি এক পরিস্থিতির জন্ম দেয়, যা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বলছে— এই যে ক্ষুদ্রতম বস্তু কণিকার রূপ, তা হল এক প্রকার স্ট্রিং বা অতি অতি ক্ষুদ্র সুতোর মতো। তুমি যেমন সুতো দিয়ে সেলাই করো, বা পরীক্ষার সময়ে খাতায় বাড়তি পাতা জুড়ে নাও, ঠিক তেমন সুতোর মতো দেখতে না। কিন্তু এক প্রকার সুতো (কারণ যাকে এই ক্ষুদ্রতম কণিকা বলা হচ্ছে, তাকে এমন দেখতে হলেই দেখা যাচ্ছে অনেক কিছু ঠিকঠাক ব্যাখ্যা করা যায়)। স্ট্রিং থিওরি দেখিয়ে দেয়, কীভাবে এমন সুতোরা চলাফেরা করে স্পেস-এ, কীভাবে কম্পনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ বা স্পর্শ বিনিময় করে। তার ভর, আধান, বলের প্রতিক্রিয়া, মাধ্যাকর্ষণে প্রতিক্রিয়া... এই সব কিছুর একে একে তথ্য এবং বিশ্লেষণ চলে আসে। আর এইসব কিছু ভীষণভাবে কার্যকরী হয়ে গেল, সুবিধে করে দিল বিংশ শতাব্দী ভৌতবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের জটিল সব গবেষণার প্রক্রিয়ায়।

ষাটের দশকে এসে কোয়ান্টাম ফিজিক্স এবং স্ট্রিং থিওরির মতো গবেষণার যন্ত্রপাতি পেয়ে বিজ্ঞানীরা এই স্তরে গিয়ে চিনতে চেষ্টা করলেন, আসলে কী চলছে মহাবিশ্বে, এই গূঢ় রহস্যের স্বরূপ আসলে কেমন? কীভাবে ঘটে চলেছে সব কিছু? এর কি কোনো প্যাটার্ন আছে? এর থেকে কি বোঝা যায়, আগে কেমন ছিল এবং ভবিষ্যৎ কেমন হবে? বস্তু কণিকা, বল এবং শক্তির এই মৌলিক একক থেকে আর এক মৌলিক এককে যাওয়াই একটা নতুন দিশা এবং চ্যালেঞ্জ হয়ে যায় বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের গবেষণায়। ইলেকট্রনকে গবেষণাগারে ভাঙার মতো পরীক্ষা-নিরীক্ষার প্রস্তাব আসে, যা সেই সময়ে অত্যন্ত বিপজ্জনক, এবং ব্যয়সাপেক্ষ বলে উদ্বেগের কারণ হয়ে ওঠে। একবার তো  CERN গবেষণাগারের একটি পরীক্ষার পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে প্যানিক সৃষ্টি করে দেওয়া হয়-- এক চুল এদিক ওদিক হলে রিয়্যাক্টারে সাংঘাতিক কিছু ঘটে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।

ডঃ অশোক সেনের বিজ্ঞানের ছাত্র হিসেবে গবেষণার মঞ্চে অবতীর্ণ হওয়া ঠিক এই সময়টায় যখন সেই সময়ের প্রবাদপ্রতিম গবেষকরা এবং ওঁর শিক্ষক ডঃ অমল কুমার রায়চৌধুরীও এই নিয়ে উৎসাহী, একের পর এক গবেষণাপত্রের কাজ হচ্ছে, থিওরি এবং থিসিস উঠে আসছে।আশির দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টরেট করার সময় উনি দেখলেন কোন স্তরে এই কাজ চলছে এবং নিজেও সেই কর্মযজ্ঞের অংশ হয়ে উঠলেন। কিন্তু এখানে মনে রাখতে হয়, ভারতের প্রবাসী বিজ্ঞানী বা অন্য  অনেক অ্যাকাডেমিকদের মতো, উনি ওখানে থেকে গবেষণা না করে চলে এলেন নিজেদের দেশে। বিগত ত্রিশ বছরে ওঁর যে গবেষণা, গবেষণাপত্র প্রকাশ এবং একের পর এক সাফল্য...   নিজের দেশে থেকে কাজ করেই। এই নিয়ে জিজ্ঞেস করলে উনি বলেন — কাজ করার চেষ্টা তো করতে হবে! কাজ করতে তো পেরেছি! সুবিধে-অসুবিধে নিয়েই পেরেছি। বিদেশে অনেক রকম কাজ হয়, তাই বিজ্ঞানী ও গবেষকও বেশি, সাফল্যের হারও বেশি। যখন কোনো কাজ বাইরে গিয়েই করতে হবে, তখন হবে!

ওঁর কাজের শুরুও এই স্ট্রিং থিওরিকে অবলম্বন করে, মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে। এবং এই সাধনার পথেই, সেই নব্বইয়ের দশকের শুরু থেকে ওঁর একের পর এক গবেষণাপত্র প্রকাশ এবং প্রাপ্তি। বিশ্বের দরবারে কোনো নতুন তথ্য এবং সম্ভাবনার আলো নিয়ে আসা। প্রথম দিকে স্পেস-টাইমের জটিলতা বুঝতে, তারপর বিভিন্ন রকমের বল এবং ফিল্ডের গবেষণা, ব্ল্যাক হোলের বিভিন্ন দিক নিয়ে গবেষণা, যে বিষয়গুলো নিয়ে এ যাবৎ কোনো ধারণা আর প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে আরো গভীরে গবেষণা, সূক্ষ্ম বিশ্লেষণ, আরো স্পষ্ট করে তুলে ধরা... সেই স্তরে কী ঘটে চলেছে, যার ফলে এত কিছু আর কী আছে এই মহাবিশ্বের ভবিষ্যতে। ষাটের দশকের বৈজ্ঞানিকরা যা দেখা এবং ব্যাখ্যা করা শুরু করেছিলেন, আশির দশকে এসে যা আরো আলোড়ন সৃষ্টি করে, সেইসব কিছুকে বিগত ত্রিশ বছরে আরো অনেকটা এগিয়ে নিয়ে গেলেন ডঃ অশোক সেন, এই ভারতবর্ষে বসে গবেষণা চালিয়ে, এলাহাবাদের হরিশ চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট থেকে। প্রকাশ করলেন একের পর এক তাক লাগিয়ে দেওয়া গবেষণাপত্র, একের পর এক সেমিনার এবং ওয়ার্কশপে গিয়ে ব্যাখ্যা করে এলেন ওঁর গবেষণার ফলাফল। এক ধাপে থেকে আর এক ধাপে এগিয়ে গেছেন... আজ পৌঁছেছেন এই সম্মানের জায়গায়।  

তাঁর এই কর্মজীবন, অর্জন এবং সম্মান অন্য সেই সব গবেষক এবং অ্যাকাডেমিক ব্যক্তিদের কাছেও অনুপ্রেরণা যাঁরা ভারতে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। দেশের পরিস্থিতি, ফান্ডের সমস্যা, পরিকাঠামোগত প্রতিকূলতা, এবং সবার ওপরে প্রাতিষ্ঠানিক উৎসাহের অভাব— এমন অনেক কিছুর সঙ্গেই যুঝতে হয়। সকলে তো নির্মোহী সাধক বা উদাসীন দার্শনিক হন না। চাপ তাপ আঁচ গায়ে লাগে। আর স্বামীজীর কথা মনে রাখলে, অমানবিক হওয়া অথবা মানবিক বোধ হারিয়ে ফেলা সন্ন্যাসীরও ধর্ম না। যে কাঁদে সে দুর্বল নয়। কাঁদার কারণ ঘটলে কাঁদতে হয়। রাগার কারণ ঘটলে ক্ষোভের জন্ম এবং প্রকাশও স্বাভাবিক — সেই স্বামীজীকে বাঁদরে তাড়া করছে, উনি পালিয়ে যাবেন না পালটা তাড়া করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার গল্পের মতো।  

ডঃ সেনও সম্ভবত এই সময়ের এমন এক প্রতিনিধি, যিনি সত্তরের দশক থেকে আজ অবধি, এত কিছুর মাঝেও নিজের ব্রততে অবিচল থেকে যাওয়া এক উজ্জ্বল জ্যোতিষ্ক এবং একই সঙ্গে পারিপার্শিক সবকিছুই সম্পর্কেই ওয়াকিবহাল, নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট (যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও আমরা দেখেছি)। চারিত্রিক ঋজুতার সঙ্গেই নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় ওঁকে, অবস্থান নিতে দেখা যায়।  এই সময়ে, কিশোর এবং তরুণ প্রজন্মের সামনে আদর্শ হিসেবে রাখার মতো বিরল ব্যক্তিত্বদের একজন।

তোমরা যদি আগ্রহী হও, দেখবে অনলাইনে ওঁর প্রকাশিত গবেষণাপত্র এবং বিশেষ কাজগুলির একটা লম্বা তালিকা আছে। বড়োদের সাহায্য অথবা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সাহায্যে চেষ্টা করতেই পারো, সেই সম্পর্কে নিজেদের মতো করে একটু পড়ার... বা জানার।

মাঝে মাঝে মনে হয়, এই যে উদাসীন এবং একনিষ্ঠ প্রাণগুলো, যাদের কোনো পুরস্কার প্রত্যাশা নেই অথবা বঞ্চিত বা উপেক্ষিত হচ্ছে জেনেও সেই সব অতিক্রম করে কাজের মধ্যে থাকে... তাদেরও কোনো না কোনো সম্মান বা পুরস্কার বা 'রেকগনিশন'-এর একটা দরকার আছে। এই পুরস্কার নিয়ে সে হয়ত ভাবিতও না, তার ওপর সে অর্থে কোনো প্রভাবও ফেলছে না... কিন্তু তবুও প্রয়োজন আছে।

তার দুটো কারণ --

১) যাতে দৃষ্টান্ত থাকে, যোগ্য ব্যক্তি সম্মানিত হবেন। কোনো না কোনো পথে ঠিক সম্মান আসবে তাঁর কাছে। তিনি নিজে সে অর্থে ভাবিত বা উদ্যোগী না হলেও আসবে।

২) কেউ পুরস্কার/সম্মান পেয়ে বিশেষভাবে আলোচিত না হলে, সাধারণ মানুষজনের কাছে তাদের খবরই আসে না সেভাবে। সংবাদে ব্যক্তির নাম এলে তবে কৌতূহল বাড়ে।

ব্যক্তি তাঁর কীর্তি এবং অর্জনের জন্য সংবাদে এলে তাঁদের অবদান এবং ব্যক্তিজীবন নিয়ে সাধারণ মানুষ ভাবে। আমরা তাঁদের নিয়ে আলোচনা করি। কিছু ভালো লাগলে তা অন্যদের জানাই।

এখানেই, যোগ্য ব্যক্তির সঠিক সময়ে সম্মানিত হওয়ার গুরুত্ব।

ডঃ অশোক সেনের মতো আন্তর্জাতিক খ্যাতির গবেষকের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, অশেষ কৃতজ্ঞতা। তাঁর এই সম্মান লাভ আমাদের গৌরব আরো উজ্জ্বল করে। আমাদের শুভকামনা থাকবে, তিনি আরো এগিয়ে চলবেন তাঁর গবেষণার মার্গে। আরো সম্মান অর্জন করবেন আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে। পৃথিবীকে বিস্মিত করবেন তাঁর পর্যবেক্ষণ, আবিষ্কার এবং তথ্য দিয়ে। তিনি যেমন একদিন ডঃ রায়চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, তাঁকে দেখেও তেমনভাবেই উদ্বুদ্ধ হোক আজকের ছাত্রছাত্রীদের মধ্যে কেউ না কেউ... আমাদের ভবিষ্যতের গৌরব হয়ে উঠুক। তোমরা চারপাশে এত কিছু, এবং যা কিছু দেখছ, জানছ... দেখবে এবং জানবে... সেই সকলের মাঝে এই উজ্জ্বল উপস্থিতি এবং প্রাপ্তিগুলোও থাকুক তোমাদের জন্য। ভালো খারাপ সব কিছুর মাঝে, জল আর দুধ আলাদা করে নেওয়ার জন্য, দুধের অংশটাও যেন থাকে।  



ডঃ অশোক সেনের গবেষণা বিষয়ে বিশদে জানার কৌতূহল থাকলে এই লিংক দেখতে পারো https://www.hri.res.in/~sen/cv.pdf

পুরোপুরি কলকাতার মানুষ হলেও, জয়দীপ চট্টোপাধ্যায়ের নিবাস এখন ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালুরু। কলকাতারই কলেজ থেকে বি টেক পাশ করে এখন একটি বহুজাতিক সংস্থায় তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মী। বাংলা সাহিত্যের প্রতি ভালবাসা থেকেই মাঝে মধ্যে একটু লেখা আর সময় সুযোগ হ'লে ব্যাগ গুছিয়ে কাছে-দূরে কোথাও বেরিয়ে পড়া, এই নিয়েই জয়দীপ। সেই সব বেড়াতে যাওয়ার নানা রকম অভিজ্ঞতা ছোটদের কাছে বলার ইচ্ছে বহুদিন। সেই ইচ্ছাপূরণ করতেই ইচ্ছামতীর ছোট্ট বন্ধুদের জন্য কলম ধরা।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা